News71.com
 Bangladesh
 23 Jan 17, 10:44 PM
 304           
 0
 23 Jan 17, 10:44 PM

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি মেমোরিয়াল ভবন সংস্কার ও সংরক্ষণে হাইকোর্টের রুল

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি মেমোরিয়াল ভবন সংস্কার ও সংরক্ষণে হাইকোর্টের রুল

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি মেমোরিয়াল ভবন যথাযথ সংস্কার ও সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ওই ভবন বর্তমান কী অবস্থায় আছে এবং সংরক্ষণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার প্রতিবেদন আগামী ২৩ মার্চের মধ্যে দাখিল করতে গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, ঝিনাইদহ জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল সংক্রান্ত খবর একটি ইংরেজি দৈনিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন ‘সমাজের প্রতি যুবর উদ্যোগ’-এর পক্ষে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ রিট দায়ের করেন।

রিটের পক্ষে শুনানি করেন এ বি এম আলতাফ হোসেন। তাঁকে সহযোগিতা করেন কামরুজ্জামান কাকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। পরে এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ যাঁরা জাতির জন্য আত্ম বলিদান করেছেন তাঁদের স্মৃতি যদি যথাযথভাবে সংরক্ষণ করা না হয় তাহলে, ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাবে। তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানাতে বীরশ্রেষ্ঠদের স্মৃতি সংরক্ষণ করা উচিত। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি রক্ষার্থে ১৯৮১ সালে এই মেমোরিয়াল ভবন তৈরি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন