
নিউজ ডেস্কঃ গাজীপুরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার তাঁর লাশ বাড়ির গোসলখানা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার নাম হামিদা খাতুন (৬০)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ঝাঝর এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ঝাঝর এলাকার হামিদা খাতুনের মেয়ে পারুল স্থানীয় মালেকেরবাড়ি এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক। দাম্পত্য কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে পারুলকে তার স্বামী তালাক দেন। এরপর থেকে পারুল তাঁর মায়ের সঙ্গে বাড়িতে থেকে কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো মেয়ের জন্য রান্না করতে হামিদা খাতুন আজ ভোরে ঘুম থেকে উঠে ঘরের পাশের গোসলখানায় যান। এ সময় দুর্বৃত্তরা হামিদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনার পর পারুল গোসলখানায় গিয়ে মায়ের লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এসআই পরিমল বিশ্বাস জানান, নিহত বৃদ্ধার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।