
নিউজ ডেস্কঃ বেড়াতে নিয়ে এসে তুরাগ নদীর তীরে এক পোশাক কর্মীকে পালাক্রমে ধর্ষণের ভিডিও ধারণের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার স্ব:তপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। একইসঙ্গে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। পুলিশের আইজি, ঢাকা রেঞ্জের ডিআইজি, গাজীপুরের এসপি ও আশুলিয়া থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে ।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান। তিনি সাংবাদিকদের বলেন, ধর্ষণের শিকার সেই পোশাক কর্মীকে খুঁজে বের করে আদালতে নিয়ে তার জবানবন্দি রেকর্ড করতে আশুলিয়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। আনোয়ারা শাহজাহান বলেন, বেশকিছু দিন পূর্বে এক পোশাক কর্মী রনি নামে তার বন্ধুর সঙ্গে আশুলিয়ার তুরাগ নদীর তীরে ঘুরতে যায়। রনিসহ তার বেশ কয়েজন বন্ধু মিলে তাকে নৌকায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তা ভিডিও ধারণ করে ।
এ বিষয়ে মুখ খুললে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়। এ ঘটনার বেশ কিছুদিন পর একটি বেসরকারি রেডিও অনুসন্ধানি প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম রেজাউল করিম। প্রচারিত প্রতিবেদন আমলে নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেয় ।