News71.com
 Bangladesh
 25 Jan 17, 11:22 AM
 265           
 0
 25 Jan 17, 11:22 AM

আগামীকাল বৃহস্পতিবার ২ দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।

আগামীকাল বৃহস্পতিবার ২ দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ২ দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন। এদিন তিনি সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা শহরের মানিকদাহ হাউজিং এলাকায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ “জাতীয় রোভার মুট” এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উর-আলম গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন ।

তিনি জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে গোপালগঞ্জ সদরের উদ্দেশে রওনা হবেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটে সড়ক পথে মানিকদহ হাউজিং এর উদ্দেশে রওনা হবেন। সেখানে একাদশ জাতীয় রোভার মুট এর বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নিবেন। দুপুর ১২টা ২০ মিনিটে তিনি সড়ক পথে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। ওই দিন তিনি টুঙ্গীপাড়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরের দিন শনিবার প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন ।

এদিকে, রোভার মুটের অনুষ্ঠানকে বর্নিল করে তুলতে রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও পতাকা দিয়ে সাজানো হয়েছে সমাবেশস্থল। রয়েছে আরো নানা আয়োজনের ব্যবস্থা। তৈরি করা হয়েছে বড় মঞ্চ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আলাদাভাবে মঞ্চ নির্মাণ করা হয়েছে। সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা তার জন্য একাধিকবার চলছে অনুশীলন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে জেলা সদর ও টুঙ্গীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সফরের এলাকা। তল্লাশি চালানো হচ্ছে পুরো এলাকায়। বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর এ সফর নির্বিঘ্ন করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন