News71.com
 Bangladesh
 25 Jan 17, 02:20 PM
 255           
 0
 25 Jan 17, 02:20 PM

বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও থানার নাশকতার মামলায় বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। আজই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন আদালত। তাঁরা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে আছেন মারুফ কামাল খান সোহেল, সেলিমা রহমান, শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল, কাইয়ুম কমিশনার প্রমুখ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় খিলগাঁও থানাধীন এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের কাজে বাধাদান, গাড়ি ভাঙচুর ও গাড়ি পুড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় খিলগাঁও থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। পরবর্তী সময়ে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে। সে অভিযোগপত্র ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে। বিচারক আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন