
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মাইনুদ্দিন (৪৫)। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে রাজধানীর মগবাজার রাশমনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গত সোমবার দিবাগত রাতে আড়াইটার দিকে গুলশানের কালাচাঁদপুর এলাকায় দুর্বৃত্তরা মাইনুদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় প্রথমে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তাঁকে রাশমনো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওসি আরো বলেন, তাঁকে ছুরিকাঘাতের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে, পরে বিস্তারিত জানা যাবে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।