
নিউজ ডেস্কঃ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে বসার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, সংলাপ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। সংলাপ ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না । আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠনের জন্য যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসাযোগ্য। খালেদা জিয়াই প্রথম নির্বাচন কমিশন ও নির্বাচন নিয়ে সংলাপের প্রস্তাব করেছিলেন। রাষ্ট্রপতি বিএনপিকেই প্রথম আলোচনায় ডেকেছিলেন ।
বিএনপির এ নেতা বলেন, রাষ্ট্রপতি একটি কঠিন অবস্থা থেকে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন। যিনি হবেন দেশপ্রেমিক। যিনি দেশের জন্য কিছু করতে চান, দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। সাবেক এ সেনাপ্রধান বলেন, আজকে শুধু দেশের সংস্কৃতিই নয়, মূলশক্তি গণতন্ত্রকেও হত্যা করা হয়েছে। গণতন্ত্র ফিরে আনলে সংস্কৃতিও ফিরে আসবে। জিয়াউর রহমান সংস্কৃতি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। এখন খালেদা জিয়া লড়াই করছে অবৈধ সরকারের হাত থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ।
জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন ।