News71.com
 Bangladesh
 25 Jan 17, 07:02 PM
 237           
 0
 25 Jan 17, 07:02 PM

বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে কাস্টমস কার্যক্রমে অটোমেশনের বিকল্প নেই ।। রাষ্ট্রপতি

বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে কাস্টমস কার্যক্রমে অটোমেশনের বিকল্প নেই ।। রাষ্ট্রপতি

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে কাস্টমস কার্যক্রমে অটোমেশনের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ বুধবার এক বাণীতে এ কথা বলেন তিনি। আমদানি ও রফতানি পণ্যের তথ্য পর্যালোচনায় সঠিক তথ্য উপাত্তের যথাযথ ঝুঁকি নিরূপণের ওপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি বলেন, এ প্রক্রিয়ার মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা, অপবাণিজ্য রোধ এবং বাণিজ্য উদারীকরন ও গতিশীল করা সম্ভব হবে ।

আবদুল হামিদ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আগামীকাল বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে এ উপলক্ষে বাংলাদেশ কাস্টমসের সকল কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ বছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য ‘ডাটা অ্যানালাইসিস ফর এ্যাফেকটিভ বর্ডার ম্যানেজমেন্ট’ বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী হয়েছে ।

কাস্টমস বৈদেশিক বাণিজ্য তথা আমদানি-রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, বিভিন্ন দেশের সাথে বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্য ও ট্যারিফ উদারীকরণ এবং ট্রেড ফ্যাসিলিটেশনের পাশাপাশি চোরাচালান রোধ, পরিবেশ ও জনস্বাস্থ্য সংরক্ষণে বাংলাদেশ কাস্টমস নিরলসভাবে কাজ করছে ।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তনশীল বাণিজ্যিক পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্যে জাল-জালিয়াতি বৃদ্ধি ইত্যাদি কারণে কাস্টমকে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, এসব ঝুঁকি ব্যবস্থাপনায় দেশে দেশে কাস্টমস প্রযুক্তি ও লজিস্টিকসভিত্তিক সমাধানের পথ খুঁজছে। বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমের আধুনিকায়নের জন্য বিগত কয়েক বছর ধরে ডিজিটাইজেশন যেমন-এসাইকুডা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিংগেল উইন্ডো (এনএসডব্লিউ) ইত্যাদি বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন ।

তিনি বলেন, রূপকল্প ২০২১ ও ২০৪১ এর আলোকে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে কাস্টমসের আধুনিকীকায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ‘আমি বিশ্বাস করি’। রাষ্ট্রপতি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবসের’ সার্বিক সাফল্য কামনা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন