News71.com
 Bangladesh
 25 Jan 17, 07:06 PM
 233           
 0
 25 Jan 17, 07:06 PM

আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে : নাসিক মেয়র আইভী

আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে : নাসিক মেয়র আইভী

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ বলেছেন, তাঁর বিরুদ্ধে অনেক অপপ্রচার চলছে। আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগের কার্যালয়ের সামনে এক মতবিনিময় সভায় আইভী এসব কথা বলেন।

আইভী বলেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চলছে।’ তিনি বলেন, যত দিন বেঁচে থাকবেন, তত দিন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরার মধ্য দিয়ে কাজ করে যাবেন।

‘আমার প্রয়াত বাবা চুনকা কোনোদিন আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেননি। তিনি যত দিন বেঁচে ছিলেন, তত দিন দলের জন্য কাজ করে গেছেন। আমি তাঁরই কন্যা। আমার বাবার আদর্শ বুকে ধারণ করে মৃত্যুর আগপর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করে যাব। দলের সুখ আর দুঃখ যা-ই থাকুক, কোনো দিন দল থেকে বিচ্যুতি হব না।’

যুবলীগ প্রসঙ্গে আইভী বলেন, যেকোনো সংগঠন থেকে আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে দলের উন্নয়ন এবং নানা ধরনের বই-ম্যাগাজিন প্রকাশ করে দেশবাসীর সামনে তুলে ধরা হচ্ছে।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে প্রধান সম্পদ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’। তাই আজ বাংলাদেশ খাদ্য আমদানির দেশ নয়, খাদ্য রপ্তানির দেশ। বাংলাদেশের চাল রপ্তানি হয়, রপ্তানি হয় চিনি, ওষুধ, ফলমূল, সবজি ও মাছ।

মতবিনিময় সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ হারুনুর রশীদ সঞ্চালনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন