
নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এ দিন ধার্য করেন। এর আগে এ আদালতে তদ্ন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানা পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে এ দিন ধার্য করেন। খালেদা জিয়া ছাড়া এ মামলায় অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেল ৫টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতাল পালনের আহ্বান করেন। এ কর্মসূচি ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হয় এবং সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে খালেদাসহ চারজনের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেন। পরে বিচারক একই দিন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।