
নিউজ ডেস্কঃ জনগণকে যথাযথ সেবা প্রদানের জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বুধবার বঙ্গভবনে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘মাদকের অপব্যবহারও একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এই সমস্যা থেকে সমাজকে মুক্ত করতে আপনাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে ।’
তিনি কমিউনিটি পর্যায়ে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি দেশের সীমানা ছাড়িয়ে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের প্রকৃতি পরিবর্তনের প্রতি পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং সন্ত্রাসবাদের বৈশ্বিক দিক মোকাবেলায় তাদের ক্ষমতা বাড়ানোর আহবান জানান। তিনি ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে জঙ্গিবাদের মোকাবেলায় জনগণের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেন ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশের সাফল্যের প্রশংসা করে বলেন, তাদের কার্যক্রম দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ মাদক অপব্যবহারের খপ্পর থেকে তরুণ সমাজকে রক্ষা করতে প্রতিটি জেলায় অন্তত একটি উপজেলা অথবা প্রতিটি উপজেলার একটি ইউনিয়নকে মুক্ত করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। তিনি আশা প্রকাশ করেন যে, স্থানীয় জনগণ, তাদের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্টরা এই ব্যাপারে সার্বিক সহায়তা দেবে ।
রাষ্ট্রপতি নারী পুলিশিং-এর পাশাপাশি নারীর ক্ষমতায়নের উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের জন্য আমরা গর্বিত।’ তিনি বলেন, ‘জাতির জনক ১৯৭৪ সালে পুলিশ বিভাগে ১৪ জন নারীকে নিয়োগদানের মাধ্যমে প্রথমবারের মতো এই উদ্যোগ নেন এবং দিনে দিনে এই সংখ্যা বাড়ছে।’ রাষ্ট্রপতি আবদুল হামিদ নিজ নিজ বিভাগে কৃতিত্বপূর্ণ অবদান ও বীরোচিত ভূমিকা রাখার জন্য বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রাপ্ত সবাইকে ধন্যবাদ জানান ।
জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে একটি গণতান্ত্রিক, সমতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় সততা, আন্তরিকতা ও ত্যাগের মানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশের সকল সদস্য কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান ও আইজিপি এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন ।