News71.com
 Bangladesh
 25 Jan 17, 10:05 PM
 247           
 0
 25 Jan 17, 10:05 PM

জ্বালানী তেলের দাম কমানো হলে বিপিসি ক্ষতিগ্রস্ত হবে ।। প্রতিমন্ত্রী নসরুল হামিদ

জ্বালানী তেলের দাম কমানো হলে বিপিসি ক্ষতিগ্রস্ত হবে ।। প্রতিমন্ত্রী নসরুল হামিদ

 

নিউজ ডেস্কঃ জ্বালানী তেলের দাম কমানো হলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আবারো ঋণগ্রস্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম আখতার জাহানের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক জ্বালানী তেলের বাজার উর্ধ্বমুখী। তাই দেশের অভ্যন্তরে তেলের দাম কমানো বা বাড়ানো সম্ভব না। এছাড়া এখনো এই খাতে সরকারের প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা ঋণ রয়েছে ।

সরকার দলীয় সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, দেশের বিভিন্ন স্থানে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৮ হাজার ৬০০ আবাসিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। এছাড়া দুই লাখ ৬০ হাজার প্রি-পেইড মিটার স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এটা ২০১৮ সালের মধ্যে শেষ হবে। শিল্প খাতেও প্রি-পেইড মিটার স্থাপনের কার্যকারিতা পরীক্ষাধীন রয়েছে ।

তিনি আরো জানান, প্রি-পেউড মিটার স্থাপনের পর এক জরিপে দেখা গেছে যে প্রতিটি ডাবল বার্ণার চুলায় গড়ে ৩৩ ঘনমিটার গ্যাস সাশ্রয় হয়। এছাড়া এ মিটার স্থাপনের পর গ্রাহকরা দায়িত্বশীলভাবে গ্যাস ব্যবহার করে। তাই গ্রাহকদের প্রি-পেইড মিটার ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে ।

আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলো অনেক পুরাতন। এজন্য নিয়মিত মেরামত করে এগুলো চালু রাখা হয়েছে। বর্তমানে এ কেন্দ্রগুলো সব চালু রাখা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন