News71.com
 Bangladesh
 26 Jan 17, 04:41 PM
 270           
 0
 26 Jan 17, 04:41 PM

এ বছর জ্বলানি তেলের দাম ব্যারেল প্রতি ৫৫ ডলার থাকতে পারে ।। বিশ্বব্যাংক

এ বছর জ্বলানি তেলের দাম ব্যারেল প্রতি ৫৫ ডলার থাকতে পারে ।। বিশ্বব্যাংক

নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম এ বছর ব্যারেল প্রতি ৫৫ ডলার থাকতে পারে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। এই দাম গত বছরের গড় দামের চেয়ে ২৯ শতাংশ বেশি। গেল ২০১৬ সালে গড়ে ৪৩ ডলার ছিল এই তেলের দাম। দীর্ঘদিন জ্বালানি তেলের অবাধ উত্তোলনের পর তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক একে সীমিত করার সিদ্ধান্তে বিশ্বব্যাংক মনে করছে এবছর গড়ে ৫৫ ডলারের মধ্যে থাকতে পারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ।

গতকাল ত্রৈমাসিক ভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। গত অক্টোবরেও বিশ্বব্যাংক তাদের আউটলুকে ৫৫ ডলার দাম থাকার পূর্বাভাস দিয়েছিল। প্রতিবেদনে মূল্যবান ধাতুর মূল্য এ বছর ১১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। আগের প্রতিবেদনে ৪ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস ছিল। এ বছর বেশিরভাগ শিল্প পণ্যের দাম ঊর্ধ্বমুখি হবার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি ।

প্রতিবেদনের মূল লেখক বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জন বাফেস উল্লেখ করেছেন, গত বছর জ্বালানি তেলের দাম কম থাকায় বেশিরভাগ পণ্যদ্রব্যের দাম অনেক নিম্ন পর্যায়ে ছিল যা এবছর ঊর্ধ্বমুখি হবে। তবে বিশ্ব নিয়ন্ত্রকদের নীতি পরিবর্তন হলে এর উল্টো ঘটনাও ঘটতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সার্বিকভাবে কৃষি পণ্যের দাম এবছর এক শতাংশ বৃদ্ধি পেতে পারে। তেল ও তেল বীজের দাম বাড়তে পারে। অন্যদিকে ফলন ভালো হওয়ায় শস্য জাতীয় পণ্যের দাম ৩ শতাংশ কমে আসতে পারে। সুদের হার উল্লেখযোগ্য বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতু যেমন সোনা রুপার দাম ৭ শতাংশ কমে আসতে পারে ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কী ভাবে পণ্য রফতানি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে প্রভাবিত করছে। বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের দাম কম থাকায় ২০১৫ সালে উদীয়মান ও উন্নয়শীল দেশগুলোর বিনিয়োগ ১ দশমিক ৬ ভাগ কম হয়েছিল। অন্যদিকে গত বছর পণ্য দ্রব্যের দাম সর্বনিম্ন থাকার কারণে বিনিয়োগ কমেছে ৭ দশমকি ১ ভাগ। চলতি বছরও আশঙ্কা করা হচ্ছে সরকারি ও বেসরকারি বিনিয়োগ দুর্বল অবস্থায় থাকবে ।

বিশ্বব্যাংক প্রতি ৩ মাস পর পর এই প্রতিবেদনটি হালনাগাদ করে প্রকাশ করে। মূলত জ্বালানি, ধাতব পদার্থ, কৃষি, মূল্যবান ধাতু এবং সারের মতো নিত্যপণ্যের দাম বিশ্লেষণ করে এর বর্তমান ও ভবিষ্যত্ মূল্য পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন