News71.com
 Bangladesh
 25 Mar 16, 11:29 AM
 768           
 0
 25 Mar 16, 11:29 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৬ বছরে 'শতভাগ সাফল্য'।।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৬ বছরে 'শতভাগ সাফল্য'।।

নিউজ ডেস্কঃ ৬ বছর পূর্ণ করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল । এই ৬ বছরে শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার শেষ হওয়ায় জনগণের শতভাগ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করেন ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা । যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচার না হওয়া পর্যন্ত এর কার্যকারিতা থাকবে বলেও মনে করেন তারা।

মহান মুক্তিযুদ্ধের সময়ে দেশীয় মানবতাবিরোধীদের বিচারে ২০১০ সালের ২৫শে মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিশেষ আইনে গঠিত এই ট্রাইব্যুনাল এখন পর্যন্ত ২২ মামলায় ১৮ জনের ফাঁসির রায় ঘোষণা করেছে। যদিও মামলা নিষ্পত্তি হয়েছে ২৭ জনের।

ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড বহাল থাকায় এরই মধ্যে শীর্ষ যুদ্ধাপরাধী কাদের মোল্লা, কামারুজ্জামান, মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর জামায়াতের আমির নিজামী ও আল-বদর নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড সুপ্রিম কোর্ট বহাল রাখার পর এখন অপেক্ষা শুধু রিভিউয়ের দিকে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলছেন, যে উদ্দেশ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, ৬ বছরে তার শতভাগ আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে।শট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, জাতি যে প্রত্যাশা নিয়ে এই ট্রাইব্যুনালে আমাদের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল। আমরা বলতে চাই, সে আশা পূরণে আমরা ব্যর্থ হয়নি। আমরা আশা পূরণে সক্ষম হয়েছি। জামায়াত-ই ইসলামকে অপরাধী সংগঠন হিসেবে গণ্য করা হয়েছে। শুধু তাই না, সেখানে আরো বলা হয়েছে, স্বাধীনতার পর তারা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেগুলোও একাত্তরের মতোই একই ধারায় ।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন, আমরা ২৪টি মামলার রায় পেয়েছি। সফলতার কথা বলতে হলে আমি বলবো- শতভাগ মামলায় আসামিপক্ষ সাজা পেয়েছে। এটা  শুধু বাংলাদেশ না পৃথিবীর কোনো ইতিহাসে আছে কিনা আমি জানি না, আমার মনে হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংস্থার বিচার আগে করা হয়েছিল। ৭ টি সংস্থার বিরুদ্ধে বিচার করা হয়েছিল এবং তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ।

তারা মনে করেন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের বিচার এবং স্থানীয় পর্যায়ের রাজাকারদের বিচার যত দিন শেষ না হবে ততদিন এই ট্রাইব্যুনাল থাকবে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে, এখনো ৬২৪ জন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের হাতে। যাদের পর্যায়ক্রমে বিচারের আওতায় আনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন