
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাড়ি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে লুঙ্গি উপহার দিয়েছেন বঙ্গবন্ধু ভক্ত সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের দিনমজুর রইজ পাগলা। আজ শুক্রবার সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভায় অংশগ্রহণ ওবায়দুল কাদেরের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন রইজ পাগলা। আয়ের জমানো টাকা দিয়ে তিনি প্রধানমন্ত্রীর জন্য একটি শাড়ি ও ওবায়দুল কাদেরের জন্য একটি লুঙ্গি কিনে রাখেন ।
জানা গেছে, গোপরেখী গ্রামের দিনমজুর ও বঙ্গবন্ধু ভক্ত রইজ উদ্দিন পাগলা সমাজ সেবক হিসেবে এনায়েতপুর, বেলকুচি ও চৌহালী থানায় তার খ্যাতি রয়েছে। তাতের কাজ করে পরিবারের ৮ সদস্যের কোন রকম দিন চলে। রইজ উদ্দিন মাটি কাটা শ্রমিক ও বাবুর্চির কাজ করে থাকেন। তবে ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রইজ পাগলার মূল কাজ আওয়ামী লীগ ও সমাজ সেবাকে ঘিরে। এজন্য ৫৫ বছর বয়স্ক এই ব্যক্তিকে সবাই আদর করে ডাকে রইজ পাগলা নামে ।
গত অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে বলে খবর পান তিনি। এতে তার দৃঢ় বিশ্বাস ছিল বর্তমান সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আগামীতে সভাপতি হচ্ছেন। আর সাধারণ সম্পাদক যেই হোক না কেন তাদের দুজনকেই এলাকার উৎপাদিত শাড়ি-লুঙ্গি উপহার দেবেন। তখন থেকে একশো-দুইশো করে টাকা গোছাতে থাকেন। সম্মেলনের দিন তার সঞ্চিত টাকা হয় ৪ হাজার। কাউকে না জানিয়ে খামারগ্রামের আনোয়ার হোসেন খানের বাড়ি গিয়ে লুঙ্গি কেনেন। এরপর এলাকার সবচেয়ে বিখ্যাত শাড়ি প্রস্তুতকারী একই গ্রামের আফজাল হোসেন লাভলুর বাড়ি থেকে শাড়ি কেনেন ।
আজ শুক্রবার দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিরাজগঞ্জে আসবে বলে ৩ মাস আগে কেনা শাড়ি-লুঙ্গি নিয়ে কাক ডাকা ভোরে কড্ডার মোড়ের পথসভায় হাজির হন রইজ পাগলা। প্রধানমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদককে দেবার জন্য শাড়ি-লুঙ্গি নিয়ে এসেছেন বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাবীবে মিল্লাত মুন্নাকে খুলে বললে তারা অবাক হন। পরে তারা বিষয়টি ওবায়দুল কাদেরকে অবহিত করলে তিনি রাজি হন। তখন অনুষ্ঠান শেষে রইজ পাগলাকে দেখা করতে বলেন। এরপর অনুষ্ঠান শেষে রইজ পাগলা তার কাঙ্খিত উপহার ওবায়দুল কাদেরের হাতে তুলে দেন ।