
নিউজ ডেস্কঃ কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় ও ভর্তি বাণিজ্যের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর ভূঁইয়ারবাগে বিদ্যানিকেতন হাই স্কুলের ১০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন । এজন্য দুদকের আলাদা টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, চলমান ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর কারো বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, শুধু জিপিএ-৫ পেলেই প্রকৃত জ্ঞান অর্জন হয় না। নিজের মেধাকে সৎ কাজে ব্যবহার করাই হলো আসল শিক্ষা। একই সঙ্গে তিনি সকল শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গড়ার জন্য নিজেদের মধ্যে শিক্ষার শক্ত ভিত গড়ে তোলা এবং আচরণগত শিক্ষা অর্জনের আহ্বান জানান ।
এ ছাড়াও পাশাপাশি সন্তান কাদের সঙ্গে মিশছে এবং তারা ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে অভিভাবকদেরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ পাওয়ার পর ভর্তি সংক্রান্ত তথ্য ও নীতিমালা জানতে চেয়ে সম্প্রতি ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী ভর্তির পদ্ধতি ও নীতিমালা এবং এ বছরের আসন সংখ্যাসহ অন্যান্য তথ্য সরবরাহ করতে বলা হয়েছে ।