
নিউজ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ আরও বলেন স্বচ্ছতা, সতর্কতা ও জবাবদিহিতার অভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতি হচ্ছে । তিনি আজ শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) এক আঞ্চলিক সম্মেলনে এ কথা বলেন রাষ্ট্রপতি।ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউট্যান্টস বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আর্থিক কর্মকাণ্ডে জবাবদিহিতার অভাব প্রতিটি প্রতিষ্ঠান তথা দেশের জন্য হুমকি বলে মন্তব্য করেন আবদুল হামিদ ।
‘আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, সতর্কতা ও জবাবদিহিতার অভাব প্রতিটি প্রতিষ্ঠান তথা পুরো দেশের জন্য হুমকি। এর ফলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতি হচ্ছে। জনগণের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব’, বলেন রাষ্ট্রপতি। ‘একজন দক্ষ অভিজ্ঞ হিসাববিদ এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। হিসাব ও নিরীক্ষার মান উন্নয়ন, তথ্য-প্রযুক্তির ব্যবহার আর্থিক স্বচ্ছতা ও নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি’, যোগ করেন রাষ্ট্রপতি ।
‘একবিংশ শতাব্দী দক্ষিণ এশিয়ার’ মন্তব্য করে আবদুল হামিদ বলেন, বিশ্ব অর্থনীতিতে এ অঞ্চলের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ সময় তিনি প্রবৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন ।