
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'রাজস্ব হলো জাতীয় অর্থনীতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অক্সিজেন। এ অক্সিজেন বন্ধ করতে পারিনা। রাজস্ব দেয়াটা ব্যবসায়ীদের কর্তব্য।' রাজস্ব ফাঁকি বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করে রাজস্ব বৃদ্ধি করতে হবে'। দ্রুত পণ্য খালাসের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শও দেন তিনি ।
আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে তিনি বেনাপোল কাস্টমস হাউসে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। যশোর-বেনাপোল কাস্টমস-এর আঞ্চলিক কমিটির আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন যশোর ভ্যাট কমিশনারেট এর কমিশনার জামাল হোসেন ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মাহবুবুর রহমান, বিএফইউজে এর সভাপতি ও ২১শে টিভির সিইও মনজুরুল আহসান বুলবুল, চিত্র নায়ক ফারুক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আব্দুস সাত্তার, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন। বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন প্রমুখ। সেমিনারে বিস্তারিত কর বিসয়ে বিস্তারিত আলোচনা করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার শওকাত হোসেন ।
এসময় বক্তারা বেনাপোল বন্দরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর আগে সকালে বেনাপোলে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির শুভ উদ্বোধন করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি ।