
নিউজ ডেস্ক পাবনায় ছাত্রদল-যুবদলের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় মিছিল থেকে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে শহরের নিউমার্কেট এলাকায় মিছিল বের করলে এসব ঘটনা ঘটে। দলীয় সূত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ শনিবার বেলা ১২টার দিকে পাবনা জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদল ও যুবদলের একটি যৌথ মিছিল বের হয়। মিছিলটি শহরের দোয়েল চত্বরে আসার পর পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় দলীয় নেতাকর্মীদের। একপর্যায়ে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মিছিল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হতে পারে- এমন সংবাদ থাকায় পুলিশ মিছিল এগিয়ে নিতে নিষেধ করে। নেতাকর্মীরা এর পরও মিছিল অব্যাহত রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে পুলিশ হাবিবুল ইসলাম, আবীদ হাসান, নাজমুল সাকিব, শাহীন, মিজানুর রহমান, আব্দুল মান্নান এবং সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।