
নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সুন্দর জীবন গড়তে হলে শিক্ষার্থীদের মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে। সমাজের ভাইরাস মাদকের নেশায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে হলে স্বাস্থ্যবান একটি প্রজন্ম গড়ে তুলতে হবে। তার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই । তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আজ শনিবার বেলা ১০টায় নাটোরের সিংড়া পৌর শহরের দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রমুখ ।
এরপরে প্রতিমন্ত্রী উপজেলা কৃষি ভবন হলরুমে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় যোগদান করেন। ইউএনও সাদেকুর রহমানের সভাপতিত্বে এসময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় প্রতিমন্ত্রী মাদকমুক্ত উপজেলা গড়তে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন । এর আগে সকাল ৯টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রায় ৪’শ শিক্ষার্থী মাদকদ্রব্য থেকে দূরে থাকার শপথ করে ।