
নিউজ ডেস্কঃ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, আশা করি তারা সবার কাছে গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করবেন। নতুন নির্বাচন কমিশন বিগত নির্বাচন কমিশনের মতো হবে না। এসময় তিনি সার্চ কমিটিতে যারা মনোনীত হয়েছেন তারা সম্মানিত ব্যক্তি বলেও মন্তব্য করেন।
শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের নেতৃত্বে বাগেরহাট জেলার নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। সাবেক রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ বিএনপি এখন আগের অবস্থানে নেই। বর্তমান সরকারের কাছ থেকে জনগণ দূরে সরে যাচ্ছে। সে কারণে মানুষ জাতীয় পার্টিতে যোগদান করতে চায়।
এস এম ফয়সাল চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় প্রমুখ।