
নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা জানতে আনান কমিশনের একটি প্রতিনিধিদল আজ শনিবার ঢাকায় এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশন, যা রাখাইন কমিশন নামেই ব্যাপকভাবে পরিচিত, তার ৩ সদস্য উইন ম্রা,আই লুইন ও ঘাশান সালামে আজ বিকেলে ঢাকায় এসেছেন । তাঁদের মধ্যে প্রথম ২জন সন্ধ্যায় এবং অন্যজন দুপুর ঢাকায় পৌঁছান। ৩ সদস্যের প্রতিনিধিদলটি কক্সবাজার গিয়ে সরেজমিনে রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবে। এরপর ঢাকায় ফিরে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলবে। ১ই ফেব্রুয়ারি ঢাকা ছাড়ার আগে রাখাইন কমিশনের ৩ সদস্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেবেন ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে বাংলাদেশ ঘুরে রোহিঙ্গাদের সম্পর্কে যা দেখেছেন ও শুনেছেন, তার ওপর ভিত্তি করে কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দপ্তরে একটি মূল্যায়ন প্রতিবেদন দেবেন। এর আগে গত ডিসেম্বরের শুরুতে কফি আনান নিজেও মিয়ানমার সফর করেছেন। ফলে কমিশনের ৩ সদস্যের বাংলাদেশ সফরের পর রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে একটি সামগ্রিক মূল্যায়ন প্রতিবেদন তৈরির কাজটি সহজ হবে রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশনের জন্য ।