News71.com
 Bangladesh
 28 Jan 17, 11:11 PM
 232           
 0
 28 Jan 17, 11:11 PM

নিরপেক্ষভাবে ইসি গঠিত হলে আগামি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে ।। জাপা চেয়ারম্যান এরশাদ

নিরপেক্ষভাবে ইসি গঠিত হলে আগামি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে ।। জাপা চেয়ারম্যান এরশাদ

নিউজ ডেস্কঃ চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষভাবে গঠিত হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। পাশাপাশি নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি ওপর আস্থা প্রকাশ করেছেন তিনি। বাগেরহাট-১ আসনে বিএনপি থেকে নমিনেশন পাওয়া মুশফিকুর রহমান জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে আজ শনিবার (২৮শে জানুয়ারি) দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এই অনুষ্ঠানের আয়োজন করে ।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বাগেরহাট -১ আসন থেকে একবার ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া মুশফিকুর রহমান এদিন প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের সভাপতি এস এম ফয়সাল চিশতী। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ।

এরশাদ বলেছেন, যারা কমিটিতে রয়েছেন তাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব। আগের নির্বাচন কমিশনের মতো হবে না। প্রথমবারের মতো জাতীয় পার্টিতে অন্য পার্টির এক নেতা যোগদান করায় আনন্দ প্রকাশ করে এরশাদ বলেছেন, আজকের দিন আমার জন্য বিশেষ। জাতীয় পার্টির ভবিষ্যৎ আছে, তাই বিএনপির এই নেতা আমার দলে এসেছেন। অনেক ইঙ্গিত পাচ্ছি, আমাদের দলে আরো অনেকে আসতে চাইছে ।

বর্তমানে বড় দল হিসেবে বিএনপির নাম নেই এবং দলটি সুসংগঠিত নেই-এমন মন্তব্য এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশ নিবে। জাতীয় পার্টি সব সময় নির্বাচনে অংশ নিয়েছে। আমি জেলে থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিয়েছি। আমার জনপ্রিয়তা দেখে পরবর্তিতে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। আগামী নির্বাচনকে সামনে রেখে আমি নিজেই জেলায় জেলায় সমাবেশ করবো। আমরা ৩শ আসনে প্রার্থী দিব ।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেছেন, আমাদের দল ওইভাবে শক্তিশালী নয়। তাই স্থানীয় সরকার নির্বাচনে যেখানে ৫০ ভাগ জয়ের লক্ষণ থাকবে, সেখানে জাতীয় পার্টি অংশ নিবে। এদিকে জাতীয় পার্টিতে যোগদান করা মুশফিকুর রহমান বলেছেন, একাধিক পীরের দরকার নেই, পীর আমাদের একজন (এরশাদ)। আমি এসেছি, আগামীতে আরো অনেকে আসবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন