News71.com
 Bangladesh
 29 Jan 17, 11:36 AM
 236           
 0
 29 Jan 17, 11:36 AM

মন্ত্রনালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির বৈঠকে গুরুতর অনিয়ম অভিযোগ

মন্ত্রনালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির বৈঠকে গুরুতর অনিয়ম অভিযোগ

নিউজ ডেস্ক : মন্ত্রনালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির বৈঠকে গুরুতর অনিয়ম অভিযোগ উঠেছে । প্রথা অনুযায়ি মাসে একটি করে বৈঠক করার কথা থাকলেও পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গত এক বছরে মাত্র দুটি বৈঠক করেছে। শ্রম ও কর্মসংস্থান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি বৈঠক করেছে তিনটি করে। মাত্র দুটি কমিটি ছাড়া কোনোটিই নিয়মিত বৈঠক করে না। জাতীয় সংসদের কর্মকাণ্ড পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। আজ ২৯ জানুয়ারি তিন বছর পূর্ণ করছে দশম জাতীয় সংসদ।

সংসদের কার্যপ্রণালিবিধি অনুযায়ী, কমিটির দায়িত্ব মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা করা, মন্ত্রণালয়ের অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করা এবং বিল পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া বা সুপারিশ করা। কোনো কারণে কমিটির বৈঠক আহ্বান করা সম্ভব না হলে স্পিকার কমিটির সচিবকে বৈঠক আহ্বানের নির্দেশ দিতে পারবেন। জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘মাসে একটি করে বৈঠকের বদলে কোনো কমিটি যদি সারা বছরে দুটি বা চারটি বৈঠক করে, সেটাকে সন্তোষজনক বলা যাবে না। এ বিষয়ে আমি কমিটির সভাপতিদের সঙ্গে আলোচনা করব।’

দশম জাতীয় সংসদে মন্ত্রণালয়-সম্পর্কিত ৩৯টি এবং বিষয় বা প্রতিষ্ঠানভিত্তিক ১১টি স্থায়ী কমিটি আছে। হিসাব অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কমিটির কমপক্ষে ৩৩টি বৈঠক হওয়ার কথা। কিন্তু নৌপরিবহন কমিটি ৩৬টি এবং আইন, বিচার ও সংসদবিষয়ক কমিটি ৩৩টি বৈঠক করে নিয়মের মধ্যে থেকেছে। মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বাইরে সর্বাধিক ৬২টি বৈঠক করেছে সরকারি হিসাব-সম্পর্কিত কমিটি। তিন বছরের হিসাবে দেখা যায়, মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিগুলোর ক্ষেত্রে স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, শিল্প ও রেলপথ মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটি গত এক বছরে মাত্র চারটি করে, সংস্কৃতি মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটি পাঁচটি, স্বাস্থ্য ও গণপূর্ত ছয়টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা সাতটি বৈঠক করতে পেরেছে। গড়ে দুই মাসেও একটি বৈঠক করতে পারেনি (১৬টির কম বৈঠক) এমন কমিটির সংখ্যা ১৭, অর্থাত এক-তৃতীয়াংশ।

অন্য কমিটিগুলোর মধ্যে কার্য উপদেষ্টা কমিটি ১৩টি, সংসদীয় কমিটি ১০, বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব কমিটি ৪, পিটিশন ১, লাইব্রেরি ৭, সরকারি প্রতিষ্ঠান ৩০, অনুমিত হিসাব ৭ ও সরকারি প্রতিশ্রুতি ২৭টি বৈঠক করেছে। বিশেষ অধিকার ও কার্যপ্রণালিবিধি-সম্পর্কিত কমিটির কোনো বৈঠক হয়নি। তবে এসব কমিটির বৈঠক অনেকাংশেই যথাযথ নোটিশের ওপর নির্ভর করে। এ বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি দীপু মনি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কমিটির সভাপতি মুন্নুজান সুফিয়ান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করে তাঁদের পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন