
নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনে (দুদক) ব্যক্তি বা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। সব কিছু চলবে আইনানুসারে। আজ সকালে 'দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬' উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলেন, আমাদের সকল কার্যক্রম আইনের আওতায় থাকবে। কার কি পরিচয় তা মুখ্য না ।
১৪ই মার্চ যোগ দেওয়া দুদকের এই নতুন চেয়ারম্যান বলেন, আপনারা জানেন দেশ এখন এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রগতিকে আরো বেগবান করতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা শুধু একটি মামলার (বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলা) কথা বলছেন। কিন্তু আমাদের কাছে এখনো হাজার হাজার মামলা আছে। যেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। একই সঙ্গে এসব মামলা সমানভাবে দেখতে হবে।
উদ্বোধনকালে ইকবাল মাহমুদ বলেন, আজকের এই উদ্বোধনের মাধ্যমে সারা দেশে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে। এই প্রতিরোধ সপ্তাহ মাধ্যমে গণসচেতনতা তৈরি করতে হবে। যাতে করে দুর্নীতি প্রতিরোধ ও দমনে সাধারণ জনগণ সচেষ্ট হন।
ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিকে দেশ থেকে নির্মূল করতে হলে সমাজের প্রতিটি স্তরে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলনই কেবল পারে দুর্নীতি প্রতিরোধ করতে।
এসময় তিনি মহান স্বাধীনতা দিবসের অভিনন্দন জানান। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের কথা এবং বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান।
সকাল ৮টায় বেলুন ও কবুতর দিয়ে 'দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬' উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এসময় দুদকের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ, এ.এফ.এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মঈদুল ইসলাম, শামসুল আরেফিন, জিয়া উদ্দিন, শহিদুজ্জামান, নূর আহমেদ, বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।