
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটি নিয়ে আশাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে ছয় সদস্যের এই সার্চ কমিটির নিরপেক্ষতা নিয়ে তারও প্রশ্ন রয়েছে। অন্যদিকে সার্চ কমিটি নিয়ে নতুন কোনো আশা দেখছেন না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র এই দুই নেতার বক্তব্যে এমনটি উঠে এসেছে। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংস্কৃতিক দল নামে একটি সংগঠনের আলোচনাসভায় মওদুদ বলেন, ‘বিএনপি সার্চ কমিটির যে কাঠামো প্রস্তাব করেছিল, ঠিক তার উল্টো কমিটি করা হয়েছে। বিএনপি কোনো নাম দেয়নি। বিএনপি বলেছিল, অবসরপ্রাপ্ত ও সরকারের লাভজনক পদে নেই এমন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করতে।’ তিনি বলেন, ‘সার্চ কমিটি নিয়ে অনেকে নিরাশার কথা বলছেন। তারপরও আমি আশাবাদী। এই কমিটি ইসি সদস্য হিসেবে এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে, যাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না, নেই।
জ্ঞান, সততা, গ্রহণযোগ্যতা, দলীয় স্বার্থ সম্পর্কিত নন, এমন ব্যক্তিদের নাম তারা সুপারিশ করবেন বলে আশা করি। সার্চ কমিটির সদস্যদের উদ্দেশে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘আমাদের দলীয় কাউকেও আপনারা সুপারিশ করবেন না। সার্চ কমিটির সদস্যদের মধ্যে কেবল একজনের বিষয়ে আপত্তি নেই। সৈয়দ মনজুরুল ইসলামের ব্যাপারে আমার কিছু বলার নেই। বাকিদের সম্পর্কে দলীয়ভাবে বলা হয়েছে। নতুন কিছু বলার নেই।’
রাজনৈতিক সংকট উত্তরণে সমঝোতার কোনো বিকল্প নেই উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘বিএনপি শেষ সময় পর্যন্ত সমঝোতার চেষ্টা করে যাবে। সেই সমঝোতা হতে হবে সরকার ও সত্যিকারের বিরোধী দলের মধ্যে। তা হবে নির্বাচন নিয়ে। আমরা আপ্রাণ চেষ্টা করব, আশা করি সরকার এগিয়ে আসবে। অন্যথায় আন্দোলনের কোনো বিকল্প থাকবে না।’
যুবদলের নতুন কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের উদ্দেশে ফখরুল বলেন, ‘সার্চ কমিটি কী কাজ করবে তা স্পষ্ট। তাই তাদের কাছ থেকে নতুন কোনো আশার আলো দেখছি না। মানুষ দেশের রাজনৈতিক সংকট উত্তরণে নিরপেক্ষ ইসি গঠনের আশা করেছিল। কিন্তু সার্চ কমিটিতে যাদের রাখা হয়েছে, তাদের কাছ থেকে নিরপেক্ষ ইসি আশা করা যায় না। ইসি নিয়োগের জন্য নাম সুপারিশ করতে গঠন করা সার্চ কমিটি নিয়ে আশাবাদী নই।’ সার্চ কমিটির বৈঠকের ফল কী হবে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্য হলো সার্চ কমিটির সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তাই তাদের কাছ থেকে নিরপেক্ষ ইসি আশা করা যায় না। রাষ্ট্রপতির সঙ্গে জাতিসংঘের আলোচনার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘সার্চ কমিটি গঠনের আগে এমন উদ্যোগ নেওয়া হলে এটা ফলপ্রসূ ও কার্যকর হতে পারত। তবে আমরা আগে থেকে কিছু বলতে চাই না। এতটুকু বলতে চাই এর আগে জাতিসংঘের কোনো উদ্যোগই সফল হয়নি।’