
নিউজ ডেস্কঃ সুন্দরবনের বনদস্যু জাহাংগীর বাহিনীর প্রধান মো. জাহাংগীর শিকারীসহ ওই বাহিনীর ২০ সদস্যকে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে । তাদের নামে দস্যুতা ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার বিকেলে র্যাব-৮ এর ডিএডি মো. দোলোয়ার হোসেন বাদী হয়ে প্রত্যেকের নামে মামালা দায়ের করেন। ৩১টি আগ্নেয়ান্ত্র ও এক হাজার ৫০৭ রাউন্ড গুলি শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব ।
আজ রবিবার সাড়ে ১২টায় বরিশাল র্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে সুন্দরবনের অন্যতম বড় বনদস্যু জাহাংগীর বাহিনীর ২০ সদস্য আত্মসর্মাপন করে। দস্যূতা ও অস্ত্র আইনে দায়ের করা আসামিদের মধ্যে রয়েছে, জাহাংগীর বাহিনীর প্রধান মো. জাহাংগীর শিকারী (৩৮), মো. শেখ ফরিদ (৩৮), মো. মারুফ শেখ (৪১), মো. আকরাম শেখ (৩৫), মো. মোস্তাহার শেখ (৫০), মো. এরশাদ খান (৩৫), মো. গাজী তরিকুল ইসলাম (৩৫), মো. কামারুল শেখ (২২), মো. কামরুল হাসান (৩৮), মো. হায়দার শেখ (২৯), মো. হারুন শেখ (৫৫), মো. আইয়ুব আলী শেখ (৫২), মো. মাফিকুল গাজী (৩৮), মো. কবির গাজী (৩২), মো. পলাশ হোসেন (৩৫), মো. বাছের শিকদার (১৭), মো. আ. হান্নান সরদার (২৩), মো. ইজাজ মোল্ল্লা (৪১), মো. মহাসিন মোড়ল (৩৯) এবং মো. ইয়াকুব সরদার (২৯) ।
এ নিয়ে গত ৯ মাসের মধ্যে সুন্দরবনের ৯টি বনদস্যু বাহিনীর ৯২ জন সদস্য ১৯৫ টি আগ্নেয়াস্ত্র এবং ১০ হাজার ১৪৩টি গুলি র্যাবের কাছে জমা দিয়ে আত্মসমর্পন করে ।