News71.com
 Bangladesh
 29 Jan 17, 08:10 PM
 228           
 0
 29 Jan 17, 08:10 PM

দুর্নীতির অর্থই মাদক ব্যবসায় ব্যবহৃত হয় ।। দুদক চেয়ারম্যান

দুর্নীতির অর্থই মাদক ব্যবসায় ব্যবহৃত হয় ।। দুদক চেয়ারম্যান

 

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি ও মাদক ব্যবসা এবং এর ব্যবহার একই সূত্রে গাঁথা। কারণ, মাদক ব্যবসায়ীরা অবৈধ অর্থ উপার্জনের জন্যই এই ব্যবসায় সম্পৃক্ত হয়েছেন। আজ রবিবার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দুর্নীতি ও মাদকবিরোধী ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

ইকবাল মাহমুদ বলেন, সংবিধান অনুসারে কোনো ব্যক্তিই অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবেন না। আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এখন কথা বলা নয়-কার্যকর ব্যবস্থা গ্রহণের সময় এসেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অনুপার্জিত অর্থের উৎস বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, দুর্নীতি ও মাদক ভবিষ্যত প্রজন্মের স্বপ্ন কেড়ে নিচ্ছে। আমাদের উচিত তাদের বাঁচানো। ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথ দেখানো। কিন্তু একটি শ্রেণি তাদেরকে অন্ধকার পথের দিকে ধাবিত করতে চায়। যেখান থেকে তাদের ফিরিয়ে আনতে হবে কারণ তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে ।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, দুর্নীতি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ২ থেকে ৩ ভাগ নষ্ট করছে। তাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। দুর্নীতির এই পাগলা ঘোড়াকে সম্মিলিতভাবে থামাতে হবে। তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় পথপ্রদর্শক। তাই বিবেক দ্বারা পরিচালিত হয়ে ; জীবন চলার পথের প্রতিটি সিদ্ধান্ত নিলে, দুর্নীতি কিংবা মাদকের পাপ তোমাদের কোনদিন স্পর্শ করবে না ।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, এসোসিয়েশন ফর দি প্রিভেনশন অব ড্রাগ আ্যবিউজ (মানস) এর চেয়ারম্যান ডা.অরুপ রতন চৌধুরী বক্তব্য রাখেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন