News71.com
 Bangladesh
 26 Mar 16, 01:10 AM
 761           
 0
 26 Mar 16, 01:10 AM

তোমরাই তো হবে একদিন এদেশের মন্ত্রী-প্রধানমন্ত্রী।। শিশু কিশোর সমাবেশে শেখ হাসিনা

তোমরাই তো হবে একদিন এদেশের মন্ত্রী-প্রধানমন্ত্রী।। শিশু কিশোর সমাবেশে শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ  নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তোমরাই তো একদিন দেশ পরিচালনা করবে। আমাদের মতো মন্ত্রী-প্রধানমন্ত্রী হবে।’ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা এগিয়ে যাব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আর ২০৪০ সালের মধ্যে আমরা হব উন্নত দেশ। স্বাধীনতার ৪৫তম বছরে পা দিয়েছি আমরা। কোনোদিক থেকে পিছিয়ে থাকবে না আমাদের দেশ ।

তিনি বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তৎকালীন পাকিস্তান সরকারের সময় আমরা সব সময় বৈষম্যের স্বীকার হয়েছি। এ দেশের মানুষের শিক্ষার সুযোগ ছিল না। তারা চিকিৎসা পেত না। তাদের খাবার ছিল না, আশ্রয় ছিল না ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থ-সম্পদ লুট করে নিয়ে যেত পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী। এমনকি আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলারও অধিকার তারা কেড়ে নিতে চেয়েছিল তারা । তিনি বলেন, ‘১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন তিনি প্রথম রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ছয় দফা, ৭০এর নির্বাচন ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে তিনি দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যান ।

তিনি বলেন, ‘২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরসহ শিশু-কিশোর-নারী-বৃদ্ধ কাউকেই রেহাই দেয়নি তারা । ২৬শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এর পরপরই তাকে গ্রেফতার করা হয় ।

প্রধানমন্ত্রী বলেন, ‘তার (বঙ্গবন্ধু) আহ্বানে মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। জাতির পিতা বাঙালির মনে স্বাধীনতার চেতনার জন্ম দিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন