
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠন নিয়ে জাতিসংঘকে যৌক্তিকভাবে কথা বলার পরামর্শ দিয়েছেন সরকারি দলের সাংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের কোনো সংশ্লিষ্টতা নেই। গতকাল রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটি গঠন করেছেন। এখন জাতিসংঘ তাদের মতামত দিতে চায়। তারা আগ্রহ দেখাচ্ছে। কিন্তু বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ার ওপর কথা বলার এখতিয়ার তাদের নেই। তারা ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা বলতে পারে। সাংবিধানিক পথ ছাড়া অন্যভাবে কথা বলে জাতিকে বিব্রত করা ঠিক হবে না।
জাতিসংঘের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সংবিধান রক্ষা করে তারা তাদের বক্তব্য দিতে পারে। এর বাইরে তারা যদি কিছু প্রশ্ন তোলে, আমরা বিব্রত হব।’ এ ব্যাপারে বিএনপির ভূমিকা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, রাষ্ট্রপতি সংবিধানের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। পড়াশোনা করে অনুসন্ধান কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে স্বাধীন বিচারব্যবস্থার দুজন বিচারপতি আছেন। সিএজি ও পিএসসি চেয়ারম্যান আছেন। লাল-নীলের বিষয় না, দুজন শিক্ষক আছেন—যাঁদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে। এই অনুসন্ধান কমিটি প্রকাশ করার পর বিএনপি এ নিয়ে আবার প্রশ্ন তুলতে চাইছে। তারা যদি সংবিধানটা পড়ত, তাহলে দেখত রাষ্ট্রপতির এই কমিটি করার পরে এ নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই।
সুরঞ্জিত আরও বলেন, ‘সাংবিধানিক রাজনীতি করতে গেলে সংবিধান মেনেই করতে হবে। বিএনপির মওদুদ সাহেব বললেন, কমিটি থেকে ভালো সিদ্ধান্ত পেতে পারি। কিন্তু তাঁদের মহাসচিব বাতিল করলেন। বিএনপি এখানে বলতে পারে, এই লোক না নিয়ে, ওই লোক নিন। ঘোলা পানিতে মাছ শিকার না করে সাংবিধানিক পথে কাজ করতে পারে। আমাদের সজাগ থাকতে হবে। যে যত বড়ই নেতা হই না কেন, এই সংবিধানের রাষ্ট্রপতির অবস্থান নিয়ে কথা বলতে পারব না। বিএনপি অনুসন্ধান কমিটিতে বক্তব্য পেশ করতে পারে।