
নিউজ ডেস্ক : আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে পুরো দেশজাতি একাত্তরের বীর শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছে । রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও তিন বাহিনী প্রধানগণ । পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলীয় সভানেত্রী হিসেবে স্মৃতিসৌধে ফুল প্রদান করেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পূর্ববর্তী বছর গুলোর মত এবারও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সূচনা হয় মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। ভোর ৫টা ৫৭ মিনিটে রাজধানীর মিরপুর সেনানিবাসে সেনাবাহিনীর আর্টিলারি শাখার একটি বিশেষ চৌকস দল এই আয়োজনে অংশ গ্রহন করে। তারা পরপর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।