News71.com
 Bangladesh
 30 Jan 17, 12:19 PM
 261           
 0
 30 Jan 17, 12:19 PM

রাজীব গান্ধী ইনফোটেক পার্কে অফিসেই এক মহিলা তথ্যপ্রযুক্তিকর্মী খুন ।।

রাজীব গান্ধী ইনফোটেক পার্কে অফিসেই এক মহিলা তথ্যপ্রযুক্তিকর্মী খুন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পুনের হিনজাওয়াড়ির রাজীব গান্ধী ইনফোটেক পার্কে অফিসেই খুন হলেন এক মহিলা তথ্যপ্রযুক্তিকর্মী। গলায় কম্পিউটারের তার জড়িয়ে শ্বাস রোধ করে তাকে খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

পুনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বৈশালী যাদব জানিয়েছেন, খুন হওয়া মহিলার নাম কে রসিলা রাজু (২৫)। তিনি কেরলের বাসিন্দা ছিলেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই মহিলা আজ রবিবার বিকেল ৫টা নাগাদ খুন হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। রাত ৮টা নাগাদ পুলিশকে ফোন করে এই খুনের খবর দেওয়া হয় ।

তদন্তকারীরার ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, গতকাল রবিবার ছুটির দিন হলেও, কিছু কাজ থাকায় অফিসে গিয়েছিলেন রসিলা রাজু। তাকে ফোন করে সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষীদের খবর দেন ম্যানেজার। নিরাপত্তারক্ষীরা গিয়ে দেখতে পান, অচেতন অবস্থায় পড়ে আছেন ওই মহিলা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে। গত মাসেই পুনেতে খুন হন কলকাতার অন্তরা দাস। গভীর রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় খুন করা হয় এই তথ্যপ্রযুক্তিকর্মীকে। ফের এই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে পুণেতে তথ্যপ্রযুক্তিকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন