
নিউজ ডেস্ক: শুনানি চলার সময় আদালতের ভেতরেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও উপদেষ্টা অ্যাডভোকেট আবদুস সালাম। আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে শুনানি চলার সময়ই অজ্ঞান হয়ে পড়েন আবদুস সালাম। এ সময় তিনি আদালতের ভেতরে অন্য আইনজীবীদের সঙ্গে বসে ছিলেন। ঘটনার সময় তাঁর পাশে বসে ছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু।
পরে আবদুল আউয়াল মিন্টু গণমাধ্যমকে জানান, ঘটনার সময় অ্যাডভোকেট আবদুস সালাম পানি খাচ্ছিলেন। হঠাৎ করে হাত থেকে পানির গ্লাস পড়ে যায়, তিনি চেয়ারের ওপরে পড়ে নিস্তেজ হয়ে পড়েন। এ সময় আদালতে হৈচৈ পড়ে যায়। আদালতের কার্যক্রম কিছুক্ষণ বিরত থাকে। অসুস্থ অ্যাডভোকেট আবদুস সালামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন মিন্টু। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বকশিবাজারের বিশেষ জজ আদালতে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বেলা ১১টা ১০ মিনিটে খালেদা জিয়া আদালতে উপস্থিত হন।