
নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে এবং শরণার্থী শিবিরগুলো পরিদর্শনে কক্সবাজার এসেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটসহ নয় সদস্যের প্রতিনিধি দল। আজ সোমবার বিকালে বিশেষ বিমানযোগে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। এরপর বিকাল ৫ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি।
পরে বৈঠক শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআইসি) কার্যালয়ে যান। সেখানে আরআরআইসি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি এবং সমস্যা সর্ম্পকে খোঁজ-খবর নিয়েছেন।
আগামীকাল সকাল সাড়ে ১০ টায় মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এরপর দলটির লেদার অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে। সেখান থেকে ফিরে আগামীকাল বিকালে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।