
নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রথম পর্যায়ের রেললাইনের কাজ ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হবে। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণের মাধ্যমে সরাসরি রাজধানী ঢাকার সাথে রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দোহাজারী পর্যন্ত রেলপথ বিদ্যমান রয়েছে । ’
রেলমন্ত্রী আজ সংসদে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দোহাজারী থেকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। এনজিও নিয়োগের জন্য চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি এডিবি’র সম্মতি নিয়ে রেলওয়ে ট্র্যাক নির্মাণের দরপত্র মূল্যায়নাধীন রয়েছে এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট নিয়োগের জন্য ইওআই করা হয়েছে ও মূল্যায়নাধীন রয়েছে ।
সরকারি দলের সদস্য বেগম পিনু খানের অপর এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েতে মোট ৪৫৯টি রেলওয়ে স্টেশন রয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে জনবল স্বল্পতা বিরাজ করছে এবং জনবলের স্বল্পতার কারণে বর্তমানে রেলওয়ের ১৩৮টি স্টেশনের কার্যক্রম আংশিক বা সম্পূর্ণ বন্ধ রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে সহকারী স্টেশন মাস্টার পদে ২৬৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ১৩৯ জনকে প্রশিক্ষণ শেষে বিভিন্ন স্টেশনে নিয়োগ দেয়া হয়েছে। অবশিষ্ট ১২৮ জনের প্রশিক্ষণ চলতি বছরের এপ্রিলে সমাপ্ত হবে ।