
নিউজ ডেস্কঃ এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি থেকে ৫০ লাখ ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। স্থানীয় সরকারের আওতায় ‘সিটি রিজিওন ডেভেলপমেন্ট প্রজেক্ট-২’ শীর্ষক বিনিয়োগ প্রকল্প গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রমের জন্য এই ঋণ পাওয়া যাবে। এ বিষয়ে এডিবির সঙ্গে শিগগিরই একটি চুক্তি হবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্রে জানা গেছে। সূত্র জানায়, প্রস্তাবিত ‘সিটি রিজিওন ডেভেলপমেন্ট প্রজেক্ট-২’ শীর্ষক বিনিয়োগ প্রকল্পের বিপরীতে এডিবির কাছ থেকে মোট ২০ কোটি ডলার পাওয়ার আশা করা হচ্ছে। এর মধ্যে এডিবির অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স ওসিআর থেকে ১৫ কোটি ডলার এবং কনসেশনাল ওসিআর থেকে পাঁচ কোটি ডলার ঋণ আসবে। প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পটি বাস্তবায়ন করা হলে বেশ কয়েকটি সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে অন্যতম হলো পদ্মা সেতু নির্মাণের ফলে ঢাকা-খুলনা অঞ্চলব্যাপী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অর্থনৈতিক করিডোর এসডব্লিউইসি সংলগ্ন নগর অঞ্চলগুলোর জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত সহনশীলতা বৃদ্ধি করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।
সূত্র জানায়, প্রস্তাবিত ঋণের অর্থায়ন থেকে বিনিয়োগ প্রকল্পের উপপ্রকল্পগুলো চিহ্নিত করা ও তাদের অগ্রাধিকার নিরূপণ করা হবে। এ ছাড়া বিনিয়োগ প্রকল্পের উপপ্রকল্পগুলোর সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদন করা, ব্যয় প্রাক্কলনসহ বিস্তারিত প্রকৌশলগত ডিজাইন প্রণয়ন, ক্রয়সংক্রান্ত ডকুমেন্টগুলো তৈরি এবং বিস্তারিত ডিজাইনের ওপর ভিত্তি করে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা বিশ্লেষণ সম্পাদন করা হবে। স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্পের নির্বাহী সংস্থা এবং এটির বাস্তবায়নে দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। জানা গেছে, বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে ২০১৬ সালের ৬ নভেম্বর স্বাক্ষরিত মাস্টার অ্যাগ্রিমেন্ট প্রজেক্ট ডিজাইন অ্যাডভান্স পিডিএ লোনসের ভিত্তিতে এই পিডিএ ঋণচুক্তি স্বাক্ষরিত হবে। ঋণের সুদের হার হবে দুই শতাংশ। ঋণের শর্তাবলি মাস্টার অ্যাগ্রিমেন্ট অনুযায়ী পরিচালিত হবে।
সূত্র জানায়, বাংলাদেশ সরকারের মতামতের জন্য গত ২৭ ডিসেম্বর এই পিডিএ ঋণ চুক্তি খসড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠায়। খসড়া চুক্তির ওপর উদ্যোগী মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের অনাপত্তি গ্রহণ করা হয়েছে। মূল চুক্তির শর্ত অনুযায়ী ওই প্রকল্পে ৫০ লাখ ডলার পিডিএ ঋণ গ্রহণের জন্য এডিবিতে পিডিএ অনুরোধপত্র পাঠানো হয়েছে। এডিবি ওই পিডিএ ঋণচুক্তি বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষরকারীর বিষয়ে অথরাইজেশন লেটার চেয়ে অনুরোধ পত্র প্রেরণ করেছে। গত ২০১৬ ডিসেম্বর এডিবি প্রজেক্ট ‘ডিজাইন অ্যাডভান্স ফর সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রজেক্ট-২’ শীর্ষক পিডিএ প্রকল্পটি অনুমোদন করেছে। উল্লেখ্য, মাস্টার অ্যাগ্রিমেন্টটি স্বাক্ষরের আগে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে ভেটিং নিয়ে অর্থমন্ত্রীর অনুমোদন নেয়া হয়।
কাজেই নতুন করে আর ভেটিং করার প্রয়োজন নেই বলে জানা গেছে। ঋণ চুক্তিটিতে বাংলাদেশ সরকারের জন্য স্পর্শকাতরতা না থাকায় এটির ডিসকোজারের বিষয়ে এডিবিকে অনুমতি দেয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। অর্থমন্ত্রীর অনুমোদন পেলেই ঋণচুক্তিটি স্বাক্ষর করা হবে।