
নিউজ ডেস্কঃ ১২ হাজার ৫৫০ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয় একনেক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা । বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ বিষয়ে সাংবাদিকদের জানান, সভায় ৫ হাজার ৫৩৫ কোটি টাকা ব্যয়ে ‘লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রকল্প-৩ (এলজিএসপি) এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ৪ হাজার ৫৫০টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি হাতে নিয়েছে সরকার ।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উপকূলীয় অঞ্চলের অবকাঠামো। এসব অঞ্চলে সহনশীল অবকাঠামো উন্নয়নে ৪১৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ১০৩ কোটি টাকা অর্থায়ন করবে ডেনমার্কভিত্তিক সহায়তা প্রতিষ্ঠান ডেনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিস (ডানিডা)। ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন মেয়াদে এ অর্থায়ন করবে ডানিডা ।