
নিউজ ডেস্কঃ আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র এবং ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী। এবার এ পরীক্ষায় শিক্ষার্থী বেড়েছে এক লাখ ৩৫ হাজার ৯০ জন। এর মধ্যে ছাত্রী ৬৭ হাজার ৫২২ জন এ বং ছাত্র ৬৭ হাজার ৫৬৮ জন। গতবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে ছাত্র ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ এবং ছাত্রী ছিল ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, এবার ৮টি বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষা দেবে। শিক্ষামন্ত্রী বলেন, "এবার ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে ।
গত বছরের থেকে এবার ২২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৯৩টি কেন্দ্র বেড়েছে। " তিনি বলেন, "এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ সাত হাজার ১২৪, অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৭৬ হাজার ১৯৮ ও বিশেষ পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৫ হাজার ২৯৮ জন। " এবার প্রশ্ন ফাঁস হবে না উল্লেখ করে নাহিদ বলেন, "কেউ প্রশ্ন ফাঁসের পেছনে ছুটলে ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। " বিদেশে ৮টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, "এসব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৬ জন । "