
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, পারস্পরিক সৌহার্দ্য ও সমঝোতার ভিত্তিতে মিয়ানমার সরকারের সঙ্গে সম্ভাবনাময় বহুমুখী সম্পর্ককে আরো সুদৃঢ় করার মধ্য দিয়ে সরকার শরণার্থী সমস্যার সুষ্ঠু ও স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করে যাবে। তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অব্যাহত প্রচেষ্টা ও উদ্যোগের ফলশ্রুতিতে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক জনমতের ভিত্তিতে বাংলাদেশ নিজ ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশকারী সকল মিয়ানমার নাগরিককে প্রত্যাবাসনে সমর্থ হবে ।’
আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্যমান সাম্প্রদায়িক অস্থিতিশীলতা, মিয়ানমার সরকারের মুসলিম বিরোধী অভ্যন্তরীণ নীতিমালা এবং এ অঞ্চলের প্রতিকূল আর্থ-সামাজিক সমস্যার কারণে কয়েক দফায় মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠী সীমান্ত পেরিয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছে ।
তিনি জানান, বর্তমানে ৩৩ হাজারের অধিক রেজিস্টার্ড শরণার্থী বাংলাদেশ সরকারের সহযোগিতায় জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন পরিচালিত দু’টি রেজিস্টার্ড ক্যাম্পে এবং ৩ লাখেরও অধিক অনিবন্ধিত মিয়ানমার নাগরিক বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। সম্প্রতি আরো ৬৭ হাজার মিয়ানমার নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ।