
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও অপর একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টার দিকে রাস-আল খাইমাহস্হ হুজাম সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মুহাম্মদ আব্দুর রহিম (৪২) ও মুহাম্মদ আলমগীর (৪৫)। তাদের লাশ রাস-আল খাইমাস্হ সাকারী হাসপাতালে রাখা হয়েছে। গুরুতর আহত মুহাম্মদ আজিমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে ।
প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করে জানা যায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও ৩জন। তাদের মধ্যে ২জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও গুরুতর আহত মোহাম্মদ আজিম রাস-আল খাইমাস্হ সাকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।