
আন্তর্জাতিক ডেস্কঃ করমুক্ত দিনযাপন শেষ সৌদি আরবে। এবার নানা রকম কর বসছে সৌদি নাগরিকদের ওপর। তেলের দাম বাড়ছে হু হু করে। এই অবস্থায় তেল ভিত্তিক অর্থনীতি ছেড়ে বের হতে চাইছে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক এই দেশ। সম্প্রতি নিবিড় শিল্পায়নের লক্ষ্যে আইএমএফের ঋণ নিয়েছে রিয়াদ। চুক্তির শর্ত মেনেই বসছে মূল্যযুক্ত কর। সৌদি আরবে নাগরিকরা শুধু করমুক্তই নন, সৌদিবাসীদের নানাবিধ ভর্তুকি দিয়ে থাকে সরকার ।
২০১৪ সাল থেকে অপরিশোধিত তেলের দাম পড়তে থাকে। সরকারের আয় কমায় রাজস্বের নতুন নতুন ক্ষেত্র খোঁজা শুরু হয়। ৯৭০০ কোটি ডলারের বাজেট ঘাটতির জন্য সরকারের নানা নির্মাণ প্রকল্প থামিয়ে দেয়া হয়েছে। মন্ত্রী এবং আমলাদের মাইনে কমানো হয়েছে। তাছাড়া জ্বালানি বাবদ ভর্তুকি তুলে দেয়া হয়েছে। ২০২০ সালের বাজেটে তেল থেকে কর এবং শিল্প পণ্যের কর যাতে সমান হয় তার চেষ্টা চালাচ্ছে সৌদি সরকার। গত জুনে উপসাগরীয় সমন্বয় পরিষদের সদস্যভুক্ত ৬টি দেশ মূল্যযুক্ত কর নিয়ে একটি চুক্তি করেছে। যার অর্থ বেশ কয়েকটি পণ্যের ওপর ৫ শতাংশ লেভি বসাতে হবে ।