
নিউজ ডেস্কঃ যশোরে মুক্তিযুদ্ধকালীন সময়ের রকেট লাঞ্চার, হ্যান্ডগ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর এলাকা থেকে মাটি খোঁড়ার সময় এই অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে একটি রকেট লাঞ্চার, একটি হ্যান্ড গ্রেনেড, ২৭৯ রাউন্ড গুলি রয়েছে ।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, আজ বুধবার সকালে যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর এলাকার শামসু খাঁ তার জমিতে বাড়ি নির্মাণের জন্য ভিত কাটাচ্ছিলেন। এই ভিত কাটার সময় সেখান থেকে অস্ত্র-গুলি বের হয়ে আসে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রকেট লাঞ্চার, একটি হ্যান্ড গ্রেনেড, ২৭৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে ।
ওসি ইলিয়াস হোসেন আরো জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি অনেক পুরানো ও নিষ্ক্রিয়। তাই ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের। এগুলোর এখন আর কোনো কার্যকারিতা নেই। এসব অস্ত্র-গুলি এখন বিধি-মোতাবেক সংশ্লিষ্ট সরকারি দফতরে জমা দেয়া হবে ।