
নিউজ ডেস্কঃ স্বাধীনতা দিবসে জামায়াত সমর্থক সাংবাদিক নেতাদের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যালয় দখল হয়েছে বলে অভিযোগ তুলেছে সংগঠনটির একাংশের নেতারা। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের নিচতলায় অবস্থিত ডিইউজে কার্যালয় দখলে নেয় সংগঠনটির জামায়াত সমর্থক অংশ।তারা তালা ভেঙ্গে প্রবেশ করে কার্যালয়ে । এদের মধ্যে ছিল- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্ববায়ক রুহুল আমীন গাজী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ওই অংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
দখলের পর কার্যালয় রুহুল আমিন গাজী বলে, স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার জন্য আমরা আমাদের কার্যালয়ে এসেছি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমাদের সংগঠন।দখলদারদের বিপরীত অংশের ডিইউজে সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু বলে, জামায়াত সমর্থক সাংবাদিক নেতাদের নেতৃত্বে স্বাধীনতা দিবসের দিন ডিইউজে কার্যালয় দখল করা হয়েছে। আমরা এই দখলদারিত্বের ধিক্কার জানাই। কোনো বিষয়ে আপত্তি থাকলে তারা সমঝোতার পথে এগুতে পারতো। কিন্তু এ ধরনের দখলবাজি পেশাদারিত্বের জন্য হুমকিস্বরূপ।