
নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে এক ইউপি সদস্যকে সপরিবারে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় একই পরিবারের পাঁচজন প্রাণে রক্ষা পেয়েছে।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পিরব ইউনিয়নের সিহালি কসাইপাড়া গ্রামের হজরত আলীর ছেলে ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। পিরব ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, ইউপি সদস্য আবুল কাশেম রাতে প্রতিদিনের মতো পরিবার-পরিজনদের নিয়ে ঘুমিয়ে পরেন। মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আবুল কাশেমের ও তার ছেলের ঘরের শিকল তুলে দিয়ে দুটি ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। রাতে হঠাৎ প্রতিবেশী বুলু মিয়া আগুন লাগার বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে গ্রামের মানুষজন ছুটে এসে আবুল কাশেম, তার পিতা হজরত আলী, ছেলে স্কুলছাত্র ছায়েদ হাসান আদর, নূর আলম, বড় ভাই বুলু মিয়াকে শিকল খুলে ঘর থেকে বের করে আনেন। আগুন লাগায় তার বাড়ির আসবাবপত্র ও পাশে মুরগির খামারসহ দুই লাখ টাকার পণ্য পুড়ে যায়। রাত ৩টার দিকে গ্রামবাসীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ইউপি সদস্য আবুল কাশেম বলেন একই গ্রামের আমিরুল ইসলাম তাজের ছেলে রায়হান আলীর সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে। তারাই এ ঘটনা ঘটাতে পারে। এ জন্য তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। তিনি দাবি করেন এ ঘটনার তার দুই লাখ টাকার পণ্য পুড়ে গেছে। ঘটনার সময় তার স্ত্রী বাড়ি ছিলেন না। শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক অপারেশন জাহিদ হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।