News71.com
 Bangladesh
 01 Feb 17, 09:43 PM
 229           
 0
 01 Feb 17, 09:43 PM

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশি ভেবে 'ভারতীয় গরু' ব্যবসায়ীকে ক্ষতবিক্ষত করল বিএসএফ ।।

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশি ভেবে 'ভারতীয় গরু' ব্যবসায়ীকে ক্ষতবিক্ষত করল বিএসএফ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কাঁটা তারের বেড়ার ওপর দিয়ে গরু নামিয়ে দেয়ার সময় কাঁটাতারে আটকে ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়েছে মোশারফ হোসেন (৩০) নামের এক ভারতীয় গরু ব্যবসায়ী। বাংলাদেশি নাগরিক ভেবে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া থেকে টেনেহিচড়ে রক্তাক্ত গরু ব্যবসায়ীকে নামিয়েই মারপিট করে আধামরা করে ফেলে ।

যখন জানতে পারে আহত গরু ব্যবসায়ী ভারতীয় নাগরিক তখন দ্রুত হাসপাতালে ভর্তি করে বিএসএফ সদস্যরা। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ছাটকরাই বাড়ি সীমান্তে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সীমান্তবাসিদের কাছ থেকে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৫ এর কাছে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বিশেষ কায়দায় গরু নামাচ্ছিল ব্যবসায়ীরা। ভারতের ব্যবসায়ীরা নামিয়ে দিচ্ছিল আর বাংলাদেশের ব্যবসায়ীরা তা গ্রহণ করছিল। ঠিক ওই সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ দাঁতভাঙ্গা ক্যাম্পের বিজিবি জোয়ানরা উপস্থিত হয়ে ধাওয়া করলে গরু ব্যবসায়ীরা পালিয়ে যায় ।

এ সময় বিজিবি জোয়ানরা ৩টা গরু আটক করে। পালাতে গিয়ে কাঁটাতারের বেড়ার সঙ্গে আটকে যায় ভারতীয় ওই গরু ব্যবসায়ী। এর কিছুক্ষণ পর সীমান্তের ওপারে ভারতের দ্বীপচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা উপস্থিত হয়ে বেড়ায় আটকে থাকা গরু ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে নামায় এবং তাকে ক্ষতবিক্ষত করে। বাংলাদেশি নাগরিক ভেবে সারা শরীর রক্তাক্ত থাকার পরও বিএসএফ সদস্য ওই গরু ব্যবসায়ীকে মারপিট করে ।

নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তবাসীরা জানান, মোশারফ হোসেন নামের ওই গরু ব্যবসায়ী এখন ভারতের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ভারতের মানকারচর থানার অধিনে কাঠাল বাড়ি গ্রামের আয়নাল হকের পুত্র আহত মোশারফ হোসেন। বিএসএফ সদস্যরা মনে করেছিল আহত ব্যবসায়ী বাংলাদেশি নাগরিক। এ কারনে রক্তাক্ত আহত থাকার পরও ওই ব্যবসায়ীর ওপর অমানবিক আচরণ ও মারপিট করেছে। এ চিত্র প্রত্যক্ষ করেছে সীমান্তের অনেক মানুষ ।

এ প্রসঙ্গে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার হাসান মিয়া জানান, আমরা সীমান্ত থেকে ৩টা গরু আটক করেছি। তবে চোরাচালানী বা গরু ব্যবসায়ীকে আটক করা যায়নি। কাঁটাতারের বেড়ায় ভারতীয় নাগরিক আটকে থাকা এরপর বিএসএফের নির্যাতনের কথা সীমান্তের মানুষজন বলছে। কিন্তু এ ব্যাপারে সঠিকভাবে আমরা কিছু বলতে পারছি না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন