News71.com
 Bangladesh
 01 Feb 17, 10:32 PM
 239           
 0
 01 Feb 17, 10:32 PM

আগামী ১১ মার্চ সারা দেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে ।।

আগামী ১১ মার্চ সারা দেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে ।।

 

নিউজ ডেস্কঃ আগামী ১১ই মার্চ থেকে সারা দেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে। সপ্তাহের এবারের স্লোগান ‘জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’। আজ বুধবার সচিবালয়ে মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে ইলিশ সম্পদ সংরক্ষণ সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়াও সভায় জাটকা সংরক্ষণ সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন মাছের বাজারে ঝটিকা অভিযান ছাড়াও আগামী ১৭ই মার্চ সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।

সভায় প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেন, “ইলিশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় গত বছর অলিতে-গলিতে ইলিশ পাওয়া গেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। ” জাটকা রক্ষাকে গুরুত্বপূর্ণ মন্তব্য করে ছায়েদুল হক বলেন, “সবার অ্যাকটিভ পার্টিসিপিশনে জাটকা নিধন এই পর্যায়ে এসেছে। এই কাজে কোনো রাজনৈতিক ব্যক্তি বাধা দিলে সেটা আমার উপর ছেড়ে দিন, আমিই মোকাবেলা করব। ” মন্ত্রী জানান, একেকজন মানুষ দিনে ৬০ গ্রাম করে মাছ খেলে বছরে ৪৩ লাখ টন মাছের প্রয়োজন হবে। তিনি বলেন, “সেই লক্ষ্য নিয়েই আমরা মাছের উৎপাদনে গুরুত্ব দিয়েছি । ”

এ ছাড়াও মাংস, ডিম ও দুধের চাহিদা মেটাতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রাণিসম্পদ মন্ত্রী। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডের প্রতিনিধি ছাড়াও মৎস্যজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনে আগামী ১১ই মার্চ মৎস্য ভবনে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রী। ওই দিন পটুয়ালখালীর কলাপাড়ায় হবে শোভাযাত্রা ও জনসভা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন