
নিউজ ডেস্ক : খুলনার কৈয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদককে কুপিয়ে যখম করা হয়েছে । সম্প্রতি অনুষ্ঠিত বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার জেরে নব-নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক বিকাশ কুমারকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে । মঙ্গলবার রাত ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা গতকাল বুধবার দিনভর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করে। এ ঘটনায় হরিণটানা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাতে নব-নির্বাচিত কমিটির একটি বৈঠক আহবান করা হয়। বৈঠক শেষে বাজারের চৌরাস্তা মোড় এলাকায় দাড়িয়ে সভাপতি মিঠু ও সাধারণ সম্পাদক বিকাশ দে কথা বলছিলেন। এ সময় পেছন দিক দিয়ে রাম দা, চাইনিজ কুড়াল, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী তাদের উপর এলোপাতাড়ি হামলা করে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায় । পরে বাজারের ব্যবসায়ীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে কেএমপির সহকারী পুলিশ কমিশনার সোনালী সেনসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
এ ঘটনায় সাধারণ সম্পাদক বিকাশ দে’র স্ত্রী সোমা রানী দে বাদী হয়ে হরিণটানা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় জিয়া সানা, তার ভাই রহিম সানা, শিমুল সানা, মফিজ সানা ও বাবুল সরদার সহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অমলেন্দু চন্দ্র সাহা এবং রহিম সানা নামে দু’ জনকে গ্রেফতার করেছে । মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে এস আই নুরুল আমীনকে।