
আন্তর্জাতিক ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শাহবাগ থেকে কুমিল্লা রোডমার্চ করতে যাচ্ছে গণজাগরণ মঞ্চ। রোববার সকাল ৮টায় শাহবাগ থেকে শুরু হবে রোডমার্চ। আজ শনিবার সন্ধ্যায় শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
ইমরান বলেন, আজ স্বাধীনতা দিবস, আমাদের সবার উৎসব করার কথা। কিন্তু স্বাধীনতার এতো বছর পরেও মানুষের জীবনের নিরাপত্তা নেই। নারীদের নির্বিঘ্নে-নিরাপদে চলাফেরা করার স্বাধীনতা নেই। উৎসবমুখর হওয়ার বদলে তনু হত্যার প্রতিবাদে দেশ আজ বিক্ষুব্ধ।
পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচির উল্লেখ করে ইমরান বলেন, আমরা জানতে পেরেছি, নানা মহল থেকে কুমিল্লার প্রতিবাদী জনগণকে বাধা দেওয়া হচ্ছে। তাই আমরা আগামীকাল শাহবাগ প্রজন্ম চত্বর থেকে রোডমার্চ নিয়ে কুমিল্লা অভিমুখে রওনা দেবো।
তনু হত্যার বিচারের দাবিতে পথে পথে আমরা পথসভা করবো, জনসমর্থন তৈরি করবো। কুমিল্লার প্রতিবাদী জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করবো। আমরা দেখতে চাই, কারা ধর্ষকদের পক্ষ নিয়ে প্রতিবাদী জনতাকে বাধা দিচ্ছে।
তিনি বলেন, দ্রুত তনুর খুনিদের গ্রেফতার করে বিচার না করা হলে এক ঘণ্টার প্রতীকী অবরোধ নয়, বিচার না পাওয়া পর্যন্ত শাহবাগ মোড় আমরা অবরুদ্ধ করে রাখবো।