
নিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা জিয়াউল হক মাসুমকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন ।
নিবারন চন্দ্র বর্মন জানান, শলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের জোয়াদ্দারপাড়া এলাকার বাসিন্দা ইমান আলীর প্রতিবন্ধী ছেলে সাখাওয়াত হোসেন সিনা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, চাঁদের চাচাত ভাই শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মাসুমসহ ১০ জনের বিরুদ্ধে গতকাল বুধবার আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে জিয়াউল হক মাসুমকে গ্রেফতার করা হয়। ওসি আরও বলেন, প্রতিবন্ধী সিনাকে মারপিটের ঘটনায় চেয়ারম্যান চাঁদসহ অন্য আসামীদের গ্রেফতারে প্রচেষ্টা চালাছে ।
উল্লেখ্য, গত ২৪শে জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে মাড়িয়া স্কুল মাঠে বিচারের নামে প্রতিবন্ধী সিনাকে মারপিট করে আহত করা হয়। তারই প্রেক্ষিতে প্রতিবন্ধী সিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ এবং শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক মাসুমসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ দিকে গ্রেফতারকৃত মাসুম সাংবাদিকদের জানান, মামলাটি একেবারেই সাজানো। বাদী সম্পর্কে তার বোনের ছেলে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাকে শাসন করা হয়েছিল মাত্র। তাকে মারপিটের ঘটনাটি সঠিক নয় ।