News71.com
 Bangladesh
 02 Feb 17, 08:38 PM
 284           
 0
 02 Feb 17, 08:38 PM

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুলিশের লাথিতে পুকুরে পড়ে তরুণের মৃত্যু ।।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুলিশের লাথিতে পুকুরে পড়ে তরুণের মৃত্যু ।।

 

নিউজ ডেস্কঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুলিশের লাথিতে পুকুরে পড়ে ডুবে এক তরুণের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বাঁশাগাড়ি গ্রামের পুকুর থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণের নাম ওহিদ শেখ (২৪)। তিনি বাঁশাগাড়ি গ্রামের আতিক শেখের ছেলে। ওহিদ শেখ কৃষিকাজ করতেন। গ্রামের বাসিন্দা সূত্রে জানা যায়, সোমবার রাতে ওহিদসহ ছয়জন গ্রামের একটি বাড়িতে তাস খেলছিলেন। রাত ১১টার দিকে ছয়-সাতজন পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটকের পর পাঁচজনকে হাতকড়া পরানো হলেও ওহিদ ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এক পুলিশ সদস্য লাথি দিলে ওহিদ পুকুরে পড়ে যান। পুলিশ বাকি পাঁচজনকে নিয়ে থানায় যায়।

রাতে গ্রামবাসী এ খবর জানতে পারেনি। পরদিন মঙ্গলবার গ্রামবাসী থানায় গিয়ে ওহিদের ব্যাপারে জিজ্ঞেস করলে পুলিশ বলে, ‘লাথি খেয়ে যে পুকুরে পড়ে যায়, সে কোথায়।’ এরপর ওই বাড়ির কাছের পুকুরে নেমে খোঁজাখুঁজি করে বিকেল পাঁচটার দিকে ওহিদের লাশ পাওয়া যায়। 'এটি নিছক দুর্ঘটনা’ মন্তব্য করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম বলেন, সোমবার রাতে তাস খেলার সময় পুলিশ পাঁচজনকে আটক করলেও ওহিদ পালাতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পালানোর সময় কোনো পুলিশ সদস্য ওহিদকে লাথি মারেননি।

ডাঙ্গি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জলিল মাতুব্বর গতকাল বলেন, ‘ওহিদকে লাথি মারা হয়েছিল এ কথা অভিযানে আসা পুলিশ সদস্যরাই থানায় আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরই আমরা পুকুরে ওহিদকে খুঁজতে লোক নামাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন